জাতীয় মৎস্য পক্ষ বাস্তবায়ন সম্পর্কিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত
খুলনা ব্যুরো :
খুলনায় আগামী ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার ৬ আগষ্ট বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য পক্ষ বাস্তবায়ন সম্পর্কিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় মৎস্য পক্ষের তিন দিনের কর্মসূচি চূড়ান্ত করা হয়।
সভায় জানানো হয়, ১৬ আগস্ট সকাল ৯টায় শহীদ হাদিস পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হবে। এরপর সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। সকাল ১০টায় খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা সভা এবং সফল মৎস্য চাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে।
১৭ আগস্ট সকাল ১০টায় গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারের সম্মেলনকক্ষে ‘মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন’ শীর্ষক অংশীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টায় জনবহুল স্থানে মৎস্যসম্পদ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
১৮ আগস্ট সকাল ১০টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদের পুকুরে মৎস্যজীবীদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরে বেলা ২টায় খুলনা মৎস্য অধিদপ্তরের পরিচালকের সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মৎস্যজীবী সমিতি, ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি এবং মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।#