সংবাদ শিরোনাম

বাংলাদেশের ভালোবাসায় অনুপ্রাণিত রবিনহু জুনিয়র: স্বপ্ন ব্রাজিলের জার্সিতে বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করা

 প্রকাশ: ০১ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন   |   খেলাধুলা

বাংলাদেশের ভালোবাসায় অনুপ্রাণিত রবিনহু জুনিয়র: স্বপ্ন ব্রাজিলের জার্সিতে বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করা

শাহনুর রুমেন | সাও পাওলো (ব্রাজিল) 

ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসে ‘রবিনহু’ নামটি এখনও সমানভাবে আলোচিত। সেই কিংবদন্তি ফুটবলারের উত্তরসূরি হিসেবে ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছেন তার ছেলে রবিনহু জুনিয়র। সান্তোস এফসির হয়ে নিজের প্রতিভার ঝলক দেখিয়ে ধীরে ধীরে ফুটবলপ্রেমীদের নজর কেড়ে নিচ্ছেন এই তরুণ ফরোয়ার্ড।

সম্প্রতি সাও পাওলোর ঐতিহাসিক মার্কাডো লিভরে অ্যারেনা পাকায়ম্বুতে সান্তোসের এক প্রীতি ম্যাচ শেষে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপকালে রবিনহু জুনিয়র বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পাচ্ছেন, তা তাকে প্রতিদিন আরও ভালো খেলতে অনুপ্রাণিত করে।


রবিনহু জুনিয়রের ভাষায়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে সমর্থন পাওয়া একজন তরুণ ফুটবলারের জন্য বড় অনুপ্রেরণা। বিশেষ করে বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাস ও ভালোবাসা তার কাছে অত্যন্ত মূল্যবান। তিনি আশা প্রকাশ করেন, একদিন মাঠের পারফরম্যান্স দিয়ে সেই ভালোবাসার প্রতিদান দিতে পারবেন।

তবে আবেগের পাশাপাশি নিজের লক্ষ্য নিয়েও স্পষ্ট এই উদীয়মান ফুটবলার। তিনি জানান, তার প্রথম লক্ষ্য সান্তোসের হয়ে নিয়মিত নিজের জায়গা নিশ্চিত করা। এরপর ব্রাজিলের জাতীয় দলে খেলে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করাই তার বড় স্বপ্ন। এজন্য প্রতিদিন কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা এবং ধারাবাহিক উন্নতির ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।

বাবা রবিনহুর পরিচয় নিঃসন্দেহে তার জন্য যেমন গর্বের, তেমনি এটি বড় দায়িত্বও। তবে তিনি চান, ভবিষ্যতে মানুষ তাকে শুধু একজন কিংবদন্তির ছেলে হিসেবে নয়, বরং নিজের ফুটবল দক্ষতা, পরিশ্রম এবং অর্জনের মাধ্যমে আলাদাভাবে চিনুক।

সাম্প্রতিক সময়ে সান্তোসের যুব দলে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের মাধ্যমে রবিনহু জুনিয়র ইতোমধ্যেই ক্লাবটির ভবিষ্যৎ তারকাদের একজন হিসেবে বিবেচিত হচ্ছেন। মাঠে তার গতি, ড্রিবলিং, আক্রমণভাগে সৃজনশীলতা এবং গোল করার সক্ষমতা অনেকের কাছেই বাবার খেলার স্টাইলের স্মৃতি ফিরিয়ে আনে। তবে তিনি নিজস্ব পরিচয় তৈরি করতেই বেশি মনোযোগী।

বাংলাদেশে ব্রাজিলিয়ান ফুটবলের জনপ্রিয়তা দীর্ঘদিনের। পেলে, জিকো, রোমারিও, রোনালদো, রোনালদিনহো, কাকা, নেইমারদের পর নতুন প্রজন্মের ফুটবলারদের প্রতিও বাংলাদেশি সমর্থকদের আগ্রহ দিন দিন বাড়ছে। সেই তালিকায় এখন দ্রুতই জায়গা করে নিচ্ছেন রবিনহু জুনিয়র।

বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীর উদ্দেশে তিনি আশাবাদী বার্তাও দেন। তাদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই ভালোবাসা তাকে আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করে। ভবিষ্যতে সান্তোস ও ব্রাজিলের জার্সিতে নিজের সেরাটা দিয়ে বিশ্ব ফুটবলে একটি বিশেষ অবস্থান তৈরি করাই তার একমাত্র লক্ষ্য।

রবিনহু জুনিয়রের পথচলা এখনও শুরু। তবে তার চোখে যে স্বপ্ন, পরিশ্রমে যে অঙ্গীকার এবং সমর্থকদের প্রতি যে আন্তরিকতা—তা বলে দেয়, সামনে হয়তো অপেক্ষা করছে ব্রাজিলিয়ান ফুটবলের আরেকটি নতুন অধ্যায়।

Advertisement
Advertisement
Advertisement