মুসলিম প্রামাণিক হত্যা: ৬ অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ আগস্ট) রাতের দিকে নান্টুর মোড় বাজার থেকে নিজ বাড়ি পাকুরিয়া গ্রামে ফেরার পথে একদল হামলাকারী মুসলিম প্রামাণিকের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ছয়জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মিন্টু সরকার (৫৬), সোহেল সরকার (৩৫), সুজন মণ্ডল (৩২), হায়দার আলী খান (৭০), গিয়াস উদ্দিন খান (৭৫) এবং মোখলেছুর রহমান (৫৫)। তাদের সবার বাড়ি সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িয়া চর এলাকায়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের পেছনের কারণ অনুসন্ধান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।