সংবাদ শিরোনাম

নাচোলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ পালিত

 প্রকাশ: ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন   |   রাজশাহী

নাচোলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ পালিত

​ নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে “জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান” এবং “মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন”—এই বার্তা নিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

​শনিবার (১ আগস্ট) সকালে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধনী আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী (১-৭ আগস্ট) এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় এই সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবীর নেতৃত্বে অনুষ্ঠিত উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শাহাদাত হোসেন, ইএমও ডা. সাহবুব হাসান এবং ডা. কারিমাতুননেসা সহ অন্যান্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীগণ।

​উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসকেরা জানান, মায়ের দুধ শিশুর জন্য সর্বোত্তম, নিরাপদ ও প্রাকৃতিকভাবে সুষম পুষ্টির আধার। শিশুর সঠিক শারীরিক ও মানসিক বিকাশের জন্য জন্মের পরপরই শালদুধ প্রদান এবং প্রথম ৬ মাস শুধুমাত্র একচেটিয়া মাতৃদুগ্ধ পান করানো অত্যন্ত জরুরি। পরবর্তীতে দুই বছর বা তার বেশি সময় পর্যন্ত পরিপূরক খাবারের পাশাপাশি মায়ের দুধ অব্যাহত রাখার ওপর জোর দেন তাঁরা।

​ডাঃ ফারহানা নবী বলেন, ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত পালিত হতে যাওয়া কর্মসূচির মধ্যে রয়েছে।

 গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য বিশেষ পুষ্টি শিক্ষা। মাতৃদুগ্ধের উপকারিতা প্রচার ও পরিবারের সদস্যদের সচেতন করা । বিষয়ভিত্তিক কুইজ এবং শিক্ষামূলক আয়োজন। সমাপনী দিনে সার্বিক কার্যক্রমের আলোচনা সভা ও মূল্যায়ন।

​বক্তারা মাতৃদুগ্ধ পান নিশ্চিতকরণে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

Advertisement
Advertisement
Advertisement