চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:
যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে ‘ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস’। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, ছাত্র-জনতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বুধবার (৫ আগস্ট) সকালে জেলা শহরের খাদ্য (ফুড) অফিস মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য বিভাগ, এলজিইডি, সড়ক বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার, বিজিবিসহ বিভিন্ন সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।
পরে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এবং বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার বক্তব্য দেন। এছাড়া জেলা পরিষদের প্রশাসক মো. হারুন অর রশিদ, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল ওদুদ, জেলার পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের আদর্শ ধারণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আলোকচিত্র প্রদর্শনী, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং স্মরণমূলক বিভিন্ন কর্মসূচিরও আয়োজন করা হয়।