বিশ্বকে বার্তা দিল ব্রাজিল: নারী বিশ্বকাপের জন্য থামবে দেশের ফুটবল
শাহনুর রুমেন | সাও পাওলো (ব্রাজিল)
ব্রাজিলে অনুষ্ঠিতব্য ২০২৭ FIFA Women’s World Cup-কে সর্বোচ্চ গুরুত্ব দিতে দেশের ফুটবল ক্যালেন্ডারে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে Confederação Brasileira de Futebol (CBF)। সংস্থাটি দেশের সব ক্লাবকে জানিয়েছে যে, ২০২৭ সালের ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত ব্রাজিলের ফুটবলে বাধ্যতামূলক বিরতি (Mandatory Break) কার্যকর থাকবে।
এই সিদ্ধান্ত শুধু নারী ফুটবলের জন্য নয়, পুরুষদের পেশাদার ফুটবলও একই সময়ে স্থগিত থাকবে। ফলে ব্রাজিলের ঘরোয়া লিগ ও অন্যান্য প্রতিযোগিতার সূচি নারী বিশ্বকাপের সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারণ করা হবে।
CBF-এর এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো নারী বিশ্বকাপকে পূর্ণ গুরুত্ব দেওয়া, জাতীয় দলের খেলোয়াড়দের নির্বিঘ্নে টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করা এবং ক্লাব ও আন্তর্জাতিক সূচির মধ্যে সম্ভাব্য সংঘর্ষ এড়ানো।
২০২৭ সালের নারী বিশ্বকাপ প্রথমবারের মতো ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। টুর্নামেন্টকে ঘিরে অবকাঠামো, আয়োজক শহর, নিরাপত্তা এবং ফুটবল কার্যক্রমের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে এক মাসেরও বেশি সময়ের জন্য দেশের ফুটবল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তকে নারী ফুটবলের প্রতি ব্রাজিলের অঙ্গীকারের শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ শুধু সফল আয়োজন নিশ্চিত করবে না, বরং বিশ্বব্যাপী নারী ফুটবলের বিকাশে ব্রাজিলের নেতৃত্বেরও প্রতিফলন ঘটাবে।