প্রীতি ম্যাচে গুলিতে প্রাণ গেল সাও পাওলোর সাবেক যুব ফুটবলারের
শাহনুর রুমেন | সান্তোস, ব্রাজিল
ব্রাজিলের ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। সাও পাওলো এফসির যুব একাডেমির সাবেক ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো দা সিলভা (১৫) প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) দেশটির আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেওর পন্তাল দা বাররা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ব্রাজিলের সিভিল পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, কিশোর এই ফুটবলার হামলাকারীদের মূল লক্ষ্য ছিলেন না; ভুলবশত তিনি গুলির শিকার হন।
পুলিশের তথ্য অনুযায়ী, একটি স্থানীয় ফুটবল টুর্নামেন্ট শেষে খেলোয়াড়েরা বাসে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে এসে দুই বন্দুকধারী খেলোয়াড়দের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। মুখে গুলিবিদ্ধ হন মিকায়েল। দ্রুত তাকে মাসেওর Hospital Geral do Estado (HGE)-এ নেওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। হামলাকারীরা ঘটনাস্থল থেকে মোটরসাইকেলে পালিয়ে যায়।

তদন্তে আলাগোয়াস সিভিল পুলিশ জানিয়েছে, মিকায়েলের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। তদন্তকারীদের ধারণা, হামলাকারীরা অন্য কাউকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল এবং মিকায়েল ভুলবশত গুলিবিদ্ধ হন। ঘটনার তদন্ত করছে Delegacia de Homicídios e Proteção à Pessoa (DHPP)
মিকায়েল ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে সাও পাওলোর একাডেমিতে যোগ দেন। তিনি অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৫ দলে খেলেছেন এবং ২০২৬ সালে ক্লাবের হয়ে Copa Fictor Sub-15 শিরোপা জয়ে অবদান রাখেন। চলতি বছরের এপ্রিল পর্যন্ত সাও পাওলোতে থাকার পর নিজ শহর মাসেওতে ফিরে CSA-এর অনূর্ধ্ব-১৫ দলে যোগ দেন।
ঘটনার পর সাও পাওলো এফসি এক শোকবার্তায় মিকায়েলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানায়। একইভাবে CSA-ও জানিয়েছে, তারা এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের প্রত্যাশা করছে।
মাত্র ১৫ বছর বয়সে সম্ভাবনাময় এক ফুটবলারের এমন মর্মান্তিক মৃত্যু ব্রাজিলের ফুটবল অঙ্গনে গভীর শোকের সৃষ্টি করেছে। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।