সংবাদ শিরোনাম

উজিরপুরের নাথারকান্দিতে ভাঙাচোরা রাস্তা , দুর্ভোগে শত শত মানুষ

 প্রকাশ: ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন   |   বরিশাল

উজিরপুরের নাথারকান্দিতে ভাঙাচোরা রাস্তা , দুর্ভোগে শত শত মানুষ

বরিশাল প্রতিনিধি

বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাথারকান্দি গ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। খানাখন্দ, কাদা ও ভাঙাচোরা অংশে চলাচল করতে গিয়ে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের ভাষ্য, গ্রামের মানুষের চলাচলের অন্যতম প্রধান এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার বাসিন্দাদের দৈনন্দিন প্রয়োজনে সড়কটি ব্যবহার করতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে সড়কটির বিভিন্ন অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

বিশেষ করে বৃষ্টি হলে দুর্ভোগ আরও বেড়ে যায়।রাস্তার  ভাঙা অংশে পানি ও কাদা জমে সৃষ্টি হয় পিচ্ছিল পরিবেশ। এতে পথচারীদের পাশাপাশি ছোট যানবাহন চলাচলেও দেখা দেয় নানা সমস্যা। অনেক সময় কাদায় আটকে পড়ে যানবাহন, আবার দুর্ঘটনার আশঙ্কায়ও থাকতে হয় স্থানীয়দের।

গ্রামবাসীরা জানান, রাস্তাটির এমন অবস্থার কারণে অসুস্থ রোগী, বয়স্ক ব্যক্তি ও শিশুদের নিয়ে চলাচলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। কৃষিপ্রধান এ এলাকার মানুষ উৎপাদিত কৃষিপণ্য বাজারে নেওয়ার সময়ও বিড়ম্বনার শিকার হন। এতে সময় ও পরিবহন ব্যয় দুটোই বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিনের যাতায়াতের ভোগান্তি এখন তাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

দক্ষিণ নাথারকান্দি গ্রামের বাসিন্দারা দ্রুত রাস্তাটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, রাস্তাটি সংস্কার করা হলে শুধু যোগাযোগব্যবস্থার উন্নতি নয়, গ্রামের মানুষের শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে তাদের মুক্তি দেবে।

Advertisement
Advertisement
Advertisement