সংবাদ শিরোনাম

দৌলতখানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি

 প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন   |   বরিশাল

দৌলতখানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি

মো. ইউসুফ হোসেন বাবলু  ভোলা   দৌলতখান  প্রতিনিধি:

 ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ভোলার দৌলতখান উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

“নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৬ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দুপুরে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গু বিস্তার রোধে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এর জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি আরও জানান, সম্ভাব্য ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাহিয়ান ইমতিয়াজ, ডা. হাসান, সিনিয়র স্টাফ নার্স, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ছবির ক্যাপশন: দৌলতখানে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত সচেতনতামূলক র‍্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Advertisement
Advertisement
Advertisement