ভোলায় বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাযা সম্পন্ন

 প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন   |   বরিশাল

ভোলায় বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাযা সম্পন্ন

প্রতিদিনের দেশ ডেস্ক :

ভোলায় অনুষ্ঠিত হয়েছে বর্ষীয়ান রাজনীতিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা। মঙ্গলবার ২ জুন দুপুর আড়াইটার দিকে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় হাজারো মানুষ অংশ নেন। এর আগে তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়।

দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে তার মরদেহ ভোলায় নেওয়া হয়। পরে ফ্রিজিং ভ্যানে করে মরদেহটি জানাজাস্থলে আনা হয়। জানাজা শেষে মরদেহ তার জন্মস্থান সদর উপজেলার কোড়ালিয়া গ্রামে নেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে গ্রামের বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের পাশে তাকে দাফন করা হবে।

সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

তোফায়েল আহমেদ ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন। তিনি নয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement
Advertisement
Advertisement