দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
দৌলতখান (ভোলা) প্রতিনিধি :
রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে জাতীয় মৎস্য পক্ষ'র উদ্বোধনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এর আগে মৎস্য পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দৌলতখানে মৎস্য চাষে সাফল্য অর্জনকারী চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি গোলাম কবির স্বপন, প্রেসক্লাব সভাপতি জাকির আলম, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি কাজী জামাল, যুবদল নেতা জহিরুল ইসলাম জহির সহ স্থানীয় জেলে, মৎস্যচাষিরা।