উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন
মোঃ আশরাফুল ইসলাম ,চাঁপাইনবাবগঞ্জ:
উৎসাহ, উদ্দীপনা, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাবের) ২০২৬-২৮ অর্থবছরের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। রবিবার (১৬ আগস্ট) বেলা ৩টা থেকে টাউন ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে রাত ৯টা পর্যন্ত। মোট ৪৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
জানা যায়, ১১টি পদের বিপরীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন প্রার্থী। এদিকে, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অন্য প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে এহতেসামুল হক বাবলুকে। গত ১১ আগস্ট নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাড. রবিউল হক দোলন এই ঘোষণা দেন। নির্বাচনে সহ-সভাপতি হিসেবে দুইটি পদের বিপরীতে লড়ছেন ৩ জন প্রার্থী। সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য সাবেক সম্পাদক গোলাম জাকারিয়া ও ওবাইদুল আজিম রিংকু।
চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাবের) ২০২৬-২৮ অর্থবছরের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সহ-সম্পাদক পদে দুই জন, কোষাধ্যক্ষ পদে দুই প্রার্থী অংশ নিচ্ছেন। এদিকে, কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে ৬টি পদের বিপরীতে অংশ নিচ্ছেন ৭ জন প্রার্থী।
অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। সদস্যরা গোপন কক্ষে সিল মারার পর দুইটি ব্যালট বক্সে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন৷ নির্বাচন উপলক্ষে টাউন ক্লাব চত্বর বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মিলনমেলায় পরিনত হয়েছে।