লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী

 প্রকাশ: ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন   |   জাতীয়

লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী

ঢাকা, ১ ভাদ্র (১৬ আগস্ট):   

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি করা হয়েছে। আজ সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলনকক্ষে ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল) ও ৬৭ জন সহকারী প্রকৌশলী (ই/এম) বদলি করা হয়। একই দিনে ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) ও ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (ই/এম)-কে বদলি করা হয়েছে।

লটারির ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১০০ জন, রাজশাহী বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ১৭ জন সহকারী প্রকৌশলীকে (সিভিল ও ই/এম) বদলি-পদায়ন করা হয়েছে।

এছাড়াও উপবিভাগীয় প্রকৌশলী পদে লটারির ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ৭৯ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন এবং রংপুর বিভাগে ১৫ জন উপবিভাগীয় প্রকৌশলীকে (সিভিল ও ই/এম) বদলি-পদায়ন করা হয়েছে।

বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আয়োজিত লটারি কার্যক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোঃ ফিরোজ হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ সারওয়ার জাহান ও স্বপন চাকমা উপস্থিত ছিলেন ।

এসময় গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আবুল খায়ের, আশরাফুল হক, উপসচিব খান মোঃ নাজমুস শোয়েব ও উপসচিব মোঃ আবু নাছেরসহ অন্যান্য প্রকৌশলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩০ জুলাই লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এবং ৩ আগস্ট ২০২৬ তারিখে ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলী (ই/এম)-কে বদলি করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement