৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

 প্রকাশ: ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন   |   জাতীয়

৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশের ৫৬ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। তাদের মধ্যে সাতজন সহকারী পুলিশ কমিশনার/সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা এবং ৪৯ জন পুলিশ পরিদর্শক।

শুক্রবার (১৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ৪৯ পুলিশ পরিদর্শক চাকরিতে ২৫ বছর পূর্ণ করায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার আওতায় জনস্বার্থে তাদের অবসর দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত এসব কর্মকর্তা দেশের বিভিন্ন জেলা, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও রেলওয়ে পুলিশসহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করছিলেন।

অন্য প্রজ্ঞাপনে সহকারী পুলিশ সুপার সমমর্যাদার সাত কর্মকর্তাকেও একই আইনের বিধান অনুযায়ী অবসর দেওয়ার কথা জানানো হয়।

অবসরে যাওয়া সাত কর্মকর্তা হলেনঢাকা র‍্যাব হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দুজ্জামান, ঢাকার মোহাম্মদপুর র‍্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, ঢাকা আরআরএফের এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এ দুটি আদেশ প্রকাশের সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement