দেশে ২৪ ঘণ্টায় ১৬৩ জনের হাম শনাক্ত, সন্দেহজনক রোগী ৯৯২
ঢাকা, ২৬ শ্রাবণ (১০ আগস্ট):
দেশে হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সারাদেশে এসব রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৩২২ জন। এ সময়ের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৩৯ জন।
মৃত্যুর হিসাবেও গত ২৪ ঘণ্টার তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে হাম সন্দেহে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে।
১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হাম সন্দেহে মৃত্যুর মোট সংখ্যা ৭৮০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।