গাইবান্ধায় শিবিরের দুই কর্মী হত্যার বিচার দাবিতে জামায়াতের সমাবেশ

 প্রকাশ: ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন   |   রংপুর

গাইবান্ধায় শিবিরের দুই কর্মী হত্যার বিচার দাবিতে জামায়াতের সমাবেশ

শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সাঘাটায় সন্ত্রাসীদের হামলায় নিহত ছাত্রশিবিরের দুই কর্মী সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরও প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “গণভোটের রায় না মানলে আপনারাও নাই হয়ে যাবেন।”

তিনি বলেন, দুর্নীতির পথ বন্ধ করে সবার জন্য ন্যায়বিচার ও ইনসাফ নিশ্চিত করে একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই গণভোট হয়েছে। সরকারও জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল। জনগণ সেই আহ্বানে সাড়া দিয়ে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, “এখন আমরা ‘হ্যাঁ’ হয়েছি, সরকার ‘না’ হয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, গণভোটের রায় না মানলে আপনারাও নাই হয়ে যাবেন।”

বক্তব্যে তিনি সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

সমাবেশে ফুলছড়ি-সাঘাটা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম সরকার, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

এ ছাড়া সুন্দরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান, সাদুল্লাপুর-পলাশবাড়ী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (লেবু)সহ জেলা জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা দুই শিবির কর্মীর হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে নিহত ছাত্রশিবিরের দুই কর্মী সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের কবর জিয়ারত করেন জামায়াতের নেতাকর্মীরা। এ সময় তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Advertisement
Advertisement
Advertisement