রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল অলি আহমদ

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন   |   জাতীয়

রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল অলি আহমদ

অনলাইন ডেস্ক:

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম চূড়ান্ত করা হয়েছে। রোববার (৯ আগস্ট) বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জোটের শীর্ষ নেতাদের বৈঠক থেকে এ সিদ্ধান্ত আসে।

বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, রাষ্ট্রপতি পদে জোটের পক্ষ থেকে কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করার বিষয়ে নেতারা একমত হয়েছেন।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় কর্নেল অলি আহমদ বলেন, ‘জাতির সঙ্গে কখনও বেঈমানি করব না। জাতির জন্য যেটা ভালো, সেটাই করব।’

জোটের অন্যতম প্রধান দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘আমরা দেশের কল্যাণের জন্য সর্বোচ্চ ব্যক্তিকে মনোনয়ন দিয়েছি।’

রোববার দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। বৈঠকে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের পাশাপাশি রাজনৈতিক সমঝোতা ও পরবর্তী করণীয় নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার উপস্থিত ছিলেন। জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদও বৈঠকে অংশ নেন।

এ ছাড়া এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক এবং নাসিরুদ্দিন পাটোয়ারীসহ জোটের অন্যান্য নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে নেতারা জানান, রাষ্ট্রপতি পদে জোটের মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় তাদের প্রার্থিতা আনুষ্ঠানিক রূপ পাওয়ার পথে এগোল।

Advertisement
Advertisement
Advertisement