রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্তে ১১ দলীয় জোটের বৈঠক

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন   |   জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্তে ১১ দলীয় জোটের বৈঠক

অনলাইন ডেস্ক:

রাষ্ট্রপতি নির্বাচনে জোটের সম্ভাব্য প্রার্থী নির্ধারণ ও রাজনৈতিক সমঝোতার পথ খুঁজতে বৈঠকে বসেছেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থী, জোটের অভ্যন্তরে ঐকমত্য তৈরি এবং নির্বাচনকে সামনে রেখে পরবর্তী রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার অংশ নিয়েছেন। জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদও বৈঠকে উপস্থিত রয়েছেন।

এ ছাড়া বৈঠকে রয়েছেন এমডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারী।

জোটসংশ্লিষ্ট নেতাদের সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে জোটের পক্ষ থেকে কাকে প্রার্থী করা হবেবৈঠকের আলোচনায় এটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সম্ভাব্য প্রার্থী নিয়ে শরিক দলগুলোর মতামত পর্যালোচনা করে একটি অভিন্ন সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা চলছে।

একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে জোটের রাজনৈতিক অবস্থান এবং নির্বাচন-পরবর্তী করণীয় নিয়েও নেতারা নিজেদের মতামত তুলে ধরছেন।

এর আগে শনিবার (৮ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এখন ১১ দলীয় জোটের বৈঠক থেকে রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থীর বিষয়ে কী সিদ্ধান্ত আসে, সেদিকেই রাজনৈতিক মহলের নজর রয়েছে। 

Advertisement
Advertisement
Advertisement