মাতারবাড়ীতে প্রধানমন্ত্রী, গভীর সমুদ্রবন্দরসহ একাধিক প্রকল্প পরিদর্শন
অনলাইন ডেস্ক:
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে তিনি সেখানে পৌঁছান।
এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে মহেশখালীর
উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। তাঁর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, মাতারবাড়ীতে তিনি
গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন
কর্তৃপক্ষের (মিডা) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।
মাতারবাড়ীর কর্মসূচি শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের
পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী
উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
চট্টগ্রামে একাধিক কর্মসূচি
দুপুরের পর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দীঘির মাঠে
অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম
বাবুনগর মাদরাসায় যাবেন।
মাদরাসায় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য
সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। পরে তিনি মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত
করবেন।
সফরসূচি অনুযায়ী, বিকেল পৌনে ৪টার দিকে হাটহাজারী জেলা পরিষদ
ডাকবাংলোতে কিছু সময় বিরতি নেবেন প্রধানমন্ত্রী।
এরপর বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায়
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু
হোটেলের অডিটরিয়ামে আয়োজিত একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক
রহমান।
সফরের সব কর্মসূচি শেষে রাতে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়ার কথা রয়েছে তাঁর।