ইরানে মার্কিন সেনা ঢুকলে কঠোর জবাব
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে মার্কিন সেনাদের স্থল উপস্থিতির যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহী। তিনি বলেছেন, সম্ভাব্য স্থল হুমকি মোকাবিলায় ইরানের স্থলবাহিনী পুরোপুরি প্রস্তুত।
রোববার দক্ষিণ-পূর্ব ইরানে স্থলবাহিনীর বিভিন্ন ইউনিট পরিদর্শনের সময় জাহানশাহী এসব কথা বলেন।
তিনি জানান, বিভিন্ন ধরনের স্থল হুমকি মোকাবিলার সক্ষমতা বাড়াতে ইরানের স্থলবাহিনী গত কয়েক বছর ধরে নিয়মিত, সুনির্দিষ্ট ও বিশেষায়িত প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে।
জাহানশাহী বলেন, যেকোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরান ‘সিদ্ধান্তমূলক ও প্রতিরোধমূলক জবাব’ দেবে। তিনি সতর্ক করে বলেন, ‘কোনো মার্কিন সেনার পা ইরানে পড়লে আমরা তা কেটে দেব।’
ইরানের সশস্ত্র বাহিনী ও জনগণের দৃঢ়তার মুখে শত্রুপক্ষ নতি স্বীকার করতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন তিনি।
জাহানশাহীর ভাষ্য, বিভিন্ন ফ্রন্টে ইরানের সেনাদের প্রতি জনগণের সমর্থন এবং সশস্ত্র বাহিনীর প্রস্তুতি জাতীয় সংহতি আরও শক্তিশালী করেছে। এর ফলে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে শত্রুপক্ষের পরিকল্পনাও ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, স্থলবাহিনীর ইউনিটগুলো সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতিতে রয়েছে। সীমান্ত এলাকায় সেনারা নিয়মিত গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য হুমকির ওপর নিবিড় নজর রাখছে। একই সঙ্গে দেশের সীমান্ত সুরক্ষায় তারা দৃঢ়ভাবে দায়িত্ব পালন করছে।
জাহানশাহী সীমান্ত এলাকায় দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী, বিশেষ কমান্ডো ইউনিট, ড্রোন, গোলন্দাজ ও সাঁজোয়া ইউনিটের সক্রিয় উপস্থিতির কথাও তুলে ধরেন। তাঁর দাবি, এসব ইউনিটের মোতায়েন সীমান্ত সুরক্ষার পাশাপাশি দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।