বাগেরহাটে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
খুলনা ব্যুরো :
বাগেরহাটে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নুরজাহান বেগম (৪৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (৯ আগস্ট) বিকেল ৩টার দিকে বাগেরহাট সদর উপজেলার বাগেরহাট-পিরোজপুর সড়কের বরকত ফিলিং স্টেশনের দক্ষিণ-পশ্চিম কোণের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানকালে নুরজাহানের হাতে থাকা একটি ভ্যানিটি ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় নীল রঙের জিপারযুক্ত ৫০টি পলি প্যাকেটের ভেতর থেকে কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ১০ হাজার পিস ইয়াবা ছিল।
উদ্ধার করা ইয়াবার মোট ওজন এক কেজি। ঘটনাস্থলে ডিজিটাল নিক্তিতে এর ওজন করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩০ লাখ টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তার নুরজাহান বেগম বাগেরহাটের কচুয়া উপজেলার জিয়ানগর গ্রামের মৃত মোকাচ্ছের হাওলাদারের মেয়ে। বর্তমানে তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈচ্চাকাঠি পশ্চিমপাড়া এলাকায় বসবাস করেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় বাগেরহাট সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক এস এম জাফরুল আলম।