জামালপুরের সিভিল জজ একেএম সামিউল হকের মৃত্যুতে আইনমন্ত্রীর গভীর শোক
ঢাকা, ২৬ শ্রাবণ (১০ আগস্ট):
জামালপুরের সিভিল জজ এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১৭তম ব্যাচের সদস্য একেএম সামিউল হকের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান।
আজ এক শোকবার্তায় আইনমন্ত্রী বলেন, একেএম সামিউল হক ছিলেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের একজন মেধাবী, দক্ষ ও সম্ভাবনাময় তরুণ বিচারক। দায়িত্ব পালনের শুরুতেই তাঁর এমন মর্মান্তিক মৃত্যু বিচার বিভাগের জন্য অত্যন্ত দুঃখজনক ও অপূরণীয় ক্ষতি। একজন তরুণ বিচারকের অকালপ্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।
আইনমন্ত্রী মরহুম একেএম সামিউল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এ কঠিন সময়ে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।
উল্লেখ্য, আজ সোমবার আনুমানিক ভোর ৪টার দিকে ঢাকা থেকে জামালপুরে যাওয়ার পথে লাহিড়ীকান্দা এলাকায় একেএম সামিউল হককে বহনকারী প্রাইভেট কারের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৭ বছর।
একেএম সামিউল হক ১৭তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হয়ে ২০২৫ সালের ডিসেম্বর মাসে বিচার বিভাগে যোগদান করেন। পরবর্তীতে তিনি জামালপুর জেলা আদালতে সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।