দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

 প্রকাশ: ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন   |   জাতীয়

দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর            -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা, ৩১ শ্রাবণ (১৫ আগস্ট):  

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, দেশের বিশাল যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। 

প্রতিমন্ত্রী আজ ঢাকায় সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ‘নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দক্ষ যুবসমাজ গড়ে তুলতে সকলের দায়িত্ব রয়েছে। যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে যুবদের গড়ে তুলতে প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে। তিনি বলেন, বর্তমানে ৮৩টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হলেও অনুপযোগী ট্রেডগুলো বাদ দিয়ে নতুন প্রজেক্ট গ্রহণ করা হবে। এর অংশ হিসেবে ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিং, কেয়ার গিভিং এবং থার্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং কোর্সসমূহ উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। এছাড়া, প্রতিটি উপজেলায় আধুনিক ট্রেনিং সেন্টার গড়ে তোলার বিষয়ে মন্ত্রণালয় পর্যালোচনা করছে।

যুবদের স্বাবলম্বী করতে সরকারের দেয়া ঋণের অপব্যবহার ও দুর্নীতির বিষয়ে হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। এসময় তিনি ঋণের টাকা কোনোভাবেই অনিয়মে ব্যবহার না করার তাগিদ দেন। 

প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষিত যুবদের সঠিক মূল্যায়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতে ইতিমধ্যেই প্রশিক্ষণার্থীদের একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির কাজ চলমান রয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত প্রতিটি কার্যক্রমের মাঠপর্যায়ে মনিটরিং নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় মন্ত্রণালয়ের ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


Advertisement
Advertisement
Advertisement