সবাইকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

 প্রকাশ: ১৫ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন   |   খুলনা

সবাইকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

খুলনা ব্যুরো :

সবাইকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, দীর্ঘদিন পর যশোর ইনস্টিটিউটের কার্যক্রমে নতুন গতি এসেছে। একসময় শহরের শিক্ষিত পরিবারগুলোর সঙ্গে যশোর ইনস্টিটিউটের ঘনিষ্ঠ সম্পৃক্ততা ছিল। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরাও সেখানে বই পড়তে আসতেন।

শনিবার ১৫ আগষ্ট দুপুরে যশোর ইনস্টিটিউটে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে মানুষ অতিমাত্রায় ডিজিটাল ডিভাইসের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এর ফলে সমাজে নানা ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সরকার বিশ্বসাহিত্যের সঙ্গে সমন্বয় করে নতুন কর্মসূচি গ্রহণ করেছে।

তিনি বলেন, ছেলেমেয়েদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা গেলে এর ইতিবাচক প্রভাব জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখা যাবে। যশোর ইনস্টিটিউটের সংস্কারের জন্য সরকার ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে বলেও জানান তিনি।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোর ইনস্টিটিউটে বইয়ের ভালো সংগ্রহ রয়েছে। এসব বই পড়ার সুযোগ করে দিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের ইনস্টিটিউটে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে যশোর জেলা পরিষদের প্রশাসক মো. দেলোয়ার হোসেন খোকন, ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক স্বপনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement