দাকোপে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
খুলনা ব্যুরো :
খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের রামনগর এলাকায় একটি খাল থেকে অমিও মন্ডল (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে রামনগর ও কৈলাশগঞ্জ ইউনিয়নের ১ ও ৬ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে খালের পানিতে মরদেহ পড়ে থাকতে দেখে তারা বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
অমিও মন্ডল ওই এলাকার বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে কীভাবে তিনি খালে পড়েছেন বা তাঁর মৃত্যুর কারণ কী, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
স্থানীয়দের ধারণা, অসাবধানতাবশত খালে পড়ে গিয়ে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।