পুত্রবধূর রাজকীয় উপাধি বাতিল করলেন ব্রুনেইয়ের সুলতান

 প্রকাশ: ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

পুত্রবধূর রাজকীয় উপাধি বাতিল করলেন ব্রুনেইয়ের সুলতান

অনলাইন ডেস্ক:

রাজপরিবারের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে নিজের পুত্রবধূর রাজকীয় উপাধি প্রত্যাহার করেছেন ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ। তবে কী ধরনের আচরণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ব্রুনেই দারুসসালামের গ্র্যান্ড চেম্বারলেইনের কার্যালয় থেকে চলতি আগস্টের শুরুতে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, সুলতানের নির্দেশেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

সুলতানের পুত্র প্রিন্স আবদুল মালিকের স্ত্রী পেঙ্গিরান রাবিয়াতুল আদাউইয়াহর বিরুদ্ধে সুলতানের প্রতি অসম্মানজনক আচরণ এবং রাজপরিবারের সদস্যের স্ত্রী হিসেবে প্রত্যাশিত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তার আচরণ রাজপরিবারের সুনাম ক্ষতিগ্রস্ত করেছে বলেও অভিযোগ করা হয়।

এর পরিপ্রেক্ষিতে রাবিয়াতুলের ‘ইয়াং আমাত মুলিয়া পেঙ্গিরান আনাক ইস্তেরি’ উপাধি বাতিল করা হয়েছে।

৩৩ বছর বয়সী রাবিয়াতুল আদাউইয়াহ ব্রুনেইয়ের ৪৩ বছর বয়সী প্রিন্স আবদুল মালিকের স্ত্রী। সিংহাসনের উত্তরাধিকার তালিকায় আবদুল মালিকের অবস্থান চতুর্থ।

রাজপরিবারের সদস্যদের উপাধি প্রত্যাহারের ঘটনা ব্রুনেইয়ে এবারই প্রথম নয়। এর আগে ২০০৩ সালে সুলতানের দ্বিতীয় স্ত্রী মারিয়াম আবদুল আজিজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তার রাজকীয় মর্যাদা বাতিল করা হয়েছিল। ২০১০ সালে তৃতীয় স্ত্রী আজরিনাজ মাজহার হাকিমের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে রাবিয়াতুলের ঘটনা বিশেষভাবে আলোচিত হচ্ছে। কারণ, উপাধি হারানোর সময়ও তিনি সুলতানের ছেলের স্ত্রী এবং রাজপরিবারের একজন সদস্য হিসেবে বিবাহবন্ধনে আবদ্ধ রয়েছেন।

২০১৫ সালে রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের রাজপ্রাসাদে প্রিন্স আবদুল মালিক ও রাবিয়াতুলের বিয়ে হয়। জাঁকজমকপূর্ণ সেই রাজকীয় আয়োজন চলে প্রায় ১০ দিন। বিয়েতে দেশ-বিদেশের বিপুলসংখ্যক অতিথি অংশ নেন। বর্তমানে এই দম্পতির চারটি কন্যাসন্তান রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement