রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে খুলনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
খুলনা ব্যুরো :
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে খুলনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মানবদরদি, সমাজ সংস্কারক ও সমাজ উন্নয়নের অগ্রদূত। তিনি মানবতা ও মানুষের কল্যাণে অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা করে গেছেন।
তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে পরিচিত ও সমৃদ্ধ করেছেন। তাঁর অমর ছোটগল্প ‘কাবুলিওয়ালা’ মানুষের মধ্যে পিতৃত্ববোধ ও মানবিকতার অনুভূতি জাগ্রত করে।
বিভাগীয় কমিশনার রবীন্দ্রচেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা কামনা করেন।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মো. আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার মো. রফিকুল ইসলাম।
পরে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও দর্শনকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।