বাকেশি-বিটিসিএলের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ
খুলনা ব্যুরো :
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি) ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মধ্যে ব্যবসায়িক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা, পণ্য ও সেবা গ্রহণের সুযোগ সম্প্রসারণ এবং বিদ্যমান সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
গত ১৩ আগস্ট ঢাকার গোল্ডেন টিউলিপ হোটেলে বাকেশি ও বিটিসিএলের মধ্যে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মিজ বিলকিস জাহান রিমি, বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাকেশি ও বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল ইসলাম সহ জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বাকেশি ও বিটিসিএলের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও উদ্দেশ্য, বিদ্যমান আন্তপ্রাতিষ্ঠানিক সম্পর্ক, পারস্পরিক প্রয়োজনীয়তা এবং স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণ করে দীর্ঘমেয়াদি ও টেকসই প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মিজ বিলকিস জাহান রিমি বলেন, নিজ নিজ স্বার্থ ও সক্ষমতা অক্ষুণ্ন রেখে দুই প্রতিষ্ঠানকে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে কাজ করতে হবে। পারস্পরিক আস্থা, সহযোগিতা ও ইতিবাচক আলোচনার মাধ্যমে বাকেশি ও বিটিসিএল আরও ঘনিষ্ঠভাবে কাজ করলে উভয় প্রতিষ্ঠানই লাভবান হবে।
তিনি বলেন, এ ধরনের সহযোগিতা দেশের টেলিযোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, দেশীয় শিল্পের বিকাশ এবং সংশ্লিষ্ট খাতের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের বিষয়ে ইতিবাচক মতামত দেন। একই সঙ্গে ভবিষ্যৎ কার্যক্রমে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
সংশ্লিষ্টরা মনে করেন, এ মতবিনিময় সভার মাধ্যমে বাকেশি ও বিটিসিএলের বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।