মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

 প্রকাশ: ১৫ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন   |   খুলনা

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

খুলনা ব্যুরো :

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, সমাজ থেকে মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে। স্কুল-কলেজে মাদকের বিস্তার ঘটলে ছাত্র ও যুবসমাজ ধ্বংসের মুখে পড়বে।

শনিবার ১৫ আগষ্ট দুপুরে মাগুরা জেলা অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষাবৃত্তির চেক, বাদ্যযন্ত্র এবং বিশেষ বরাদ্দের প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাগুরা জেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, ‘লোকালয়ে আগুন লাগলে দেবালয়ও রক্ষা পায় না। স্কুল-কলেজে ব্যাপকভাবে মাদকের বিস্তার ঘটলে ছাত্রসমাজ তথা যুবসমাজ ধ্বংসের মুখে পড়বে।’ তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

নিতাই রায় চৌধুরী বলেন, বিএনপি সরকারই এমপিওভুক্ত স্কুল-কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য কল্যাণ তহবিল গঠন করেছিল। এর ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী ৭০ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষককে অবসরকালীন সুবিধা দিয়েছেন।

তিনি বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতার কার্ড প্রদান, মসজিদ-মন্দির ও রাস্তাঘাটের উন্নয়ন এবং খাল খননসহ দেশের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি উৎসাহিত করায় আয়োজকদের ধন্যবাদ জানান মন্ত্রী।


অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন। জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ও সিভিল সার্জন ডা. মো. শামীম কবির। স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিনা মমতাজ।

অনুষ্ঠানে মন্ত্রী চারটি উপজেলার ২৮৬ শিক্ষার্থীর মধ্যে মোট ১৪ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন। এ ছাড়া বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে বাদ্যযন্ত্র এবং তাঁর বিশেষ বরাদ্দের প্রকল্পের চেক বিতরণ করা হয়।

পরে বিকেলে মন্ত্রী শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়োজিত একটি অনুষ্ঠানে এবং শালিখা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেন।

Advertisement
Advertisement
Advertisement