কুয়েট ও পর্তুগালের আইএসটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
খুলনা ব্যুরো :
শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং পর্তুগালের ইনস্টিটিউটো সুপিরিয়র টেকনিকো (আইএসটি)-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার ১৩ আগষ্ট দুপুর ১২টায় কুয়েটের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কুয়েটের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং পর্তুগালের আইএসটির পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট অধ্যাপক রজেরিও কোলাসো।
অনুষ্ঠানে কুয়েটের পক্ষে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আরিফুল ইসলাম। আইএসটির পক্ষে বক্তব্য দেন অধ্যাপক ড. এস. এম. সোহেল মোর্শেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি-এর উপপরিচালক অধ্যাপক ড. মো. রিজভী কায়সার।
সমঝোতা স্মারকের আওতায় বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত ও স্থাপত্যসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী বিনিময়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি যৌথ গবেষণা, মাস্টার্স ও ডক্টরাল থিসিসের যৌথ তত্ত্বাবধান, গবেষণা সভা ও সম্মেলন আয়োজন এবং বৈজ্ঞানিক উপকরণ, প্রকাশনা ও তথ্য বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে কুয়েট ও আইএসটির মধ্যে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ের নতুন দ্বার উন্মোচিত হবে। এর ফলে কুয়েটের আন্তর্জাতিক একাডেমিক ও গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারিত ও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে কুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, পরিচালক, দপ্তর ও শাখা প্রধানসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।