বিভ্রান্তির রাজনীতি বাদ দিয়ে জনগণের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

 প্রকাশ: ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন   |   জাতীয়

বিভ্রান্তির রাজনীতি বাদ দিয়ে জনগণের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক:

রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ নিশ্চিত করা, বিভ্রান্তি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করা নয়এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, রাজপথে ভাঙচুর ও অস্থিরতা তৈরির পরিবর্তে জনগণের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ ও বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে হবে।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মধ্যে সহায়তার চেক বিতরণ এবং দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিয়ে কারও কাছে যদি বাস্তবসম্মত কোনো সমাধান থাকে, তাহলে তা জনগণের সামনে তুলে ধরা উচিত। কোনো কার্যকর পরিকল্পনা ছয় মাসের মধ্যে সংকট কাটিয়ে উঠতে সক্ষম হলে সরকার সেটি বাস্তবায়নে সহযোগিতা করবে বলেও তিনি উল্লেখ করেন।

স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা আরও শক্তিশালী করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৫০৩টি উপজেলার হাসপাতালকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে প্রত্যন্ত এলাকার মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা নিজ এলাকাতেই উন্নত চিকিৎসা পাওয়ার সুযোগ পাবেন।

তিনি বলেন, অতীতে স্বাস্থ্যসেবাকে এমনভাবে পরিচালনা করা হয়েছিল, যার কারণে অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হয়েছেন। বর্তমান সরকার সেই পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে।

দেশের বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি সাময়িক সংকটের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, আগের সরকারের সময়ে বিদ্যুৎ খাতে বিপুল পরিমাণ দায় তৈরি হয়েছে। পাশাপাশি জ্বালানি আমদানির প্রয়োজনীয় অবকাঠামোও যথেষ্ট গড়ে ওঠেনি।

ক্ষমতায় আসার পর দেশীয় উৎস থেকে গ্যাস অনুসন্ধানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাপেক্সকে দেশের বিভিন্ন স্থানে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। একটি এলএনজি জাহাজ দুর্ঘটনার কারণে সাময়িকভাবে জ্বালানি সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দলের আন্দোলনের ধরন নিয়েও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিদ্যুৎ সংকটের প্রতিবাদে কেউ কেউ হারিকেন হাতে কর্মসূচি পালন করছেন, অথচ একই সময়ে তাদের আশপাশে বৈদ্যুতিক ফ্যান চলছে। এ ধরনের কর্মসূচিকে তিনি বাস্তবতা বিবর্জিত ও হঠকারী রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেন।

তারেক রহমান আরও বলেন, দীর্ঘ সময় ধরে দেশের মানুষ নানা ধরনের নির্যাতন, গুম ও হত্যার শিকার হলেও তখন অনেক রাজনৈতিক নেতাকে রাজপথে সক্রিয়ভাবে দেখা যায়নি। এখন জনগণকে বিভ্রান্ত করার পরিবর্তে তাদের বাস্তব সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা রাখা প্রয়োজন।

ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রায় ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। শুধু শ্রমনির্ভর কর্মসংস্থান নয়, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কর্মশক্তিকে গড়ে তোলাই হবে ভবিষ্যতের বাংলাদেশের অন্যতম প্রধান লক্ষ্য।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে কে কী পেলেন সেটি বড় বিষয় নয়। দেশ ও দেশের মানুষের জন্য কী করা গেল, সেটিই জীবনের সবচেয়ে বড় অর্জন ও সার্থকতা।

বক্তব্যের শেষ পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার দেশপ্রেমকে ধারণ করে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। 

Advertisement
Advertisement
Advertisement