চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৩ বোতল এস্কাফ সিরাপ জব্দ
মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৯৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীন জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। অভিযানে শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালুপুর গ্রাম থেকে এসব নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।
৫৩ বিজিবি জানায়, জব্দকৃত ৯৩ বোতল এস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ২০০ টাকা। জব্দ করা মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
বিজিবি আরও জানায়, চলতি আগস্ট মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে মোট ৩৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ এবং ১১৫ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।