সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির কারখানায় অভিযান, ৮ জনের কারাদণ্ড ও জরিমানা

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির কারখানায় অভিযান, ৮ জনের কারাদণ্ড ও জরিমানা

মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সরলা ফুলতলা এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন বা ছাড়পত্র ছাড়াই পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৯টা থেকে বুধবার (৫ আগস্ট) রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত ‘মেসার্স আলতা প্লাস্টিক এন্ড মেটাল’ নামের ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।


এ সময় পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযানে পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)’ অনুযায়ী বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তাদের প্রত্যেককে ১ থেকে ৩ মাস পর্যন্ত কারাদণ্ড এবং ১০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এ ছাড়া নেসকো-১-এর সহযোগিতায় কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে সদর মডেল থানা পুলিশের দুটি দল সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




Advertisement
Advertisement
Advertisement