নাচোলে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে।
এ উপলক্ষে ৬ আগস্ট সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় দিবসের ঐতিহাসিক তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন অতিথিরা।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হারুন অর রশিদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, জামায়াতের উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, পৌর আমীর মনিরুল ইসলাম, এনসিপি নাচোল উপজেলা শাখার সভাপতি ইলিয়াস আলী, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, সাংবাদিক এ. কে. এম. জিলানী।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে হৃদয়ে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস গণঅভ্যুত্থানে শহীদ বীর যোদ্ধাদের স্মরণে তাঁদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
পরিশেষে, দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে নাচোল উপজেলাকে আরও সমৃদ্ধ ও সামনের দিকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।
অপরদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।