তীব্র গরমে চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘস্থায়ী লোডশেডিং, চরম দুর্ভোগে জনজীবন
মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:
তীব্র গরমের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের পাশাপাশি রাতেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছেন জেলার বাসিন্দারা। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন শিশু, বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ ব্যক্তিরা।
বাসিন্দাদের অভিযোগ, কোনো পূর্বঘোষণা ছাড়াই বারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কয়েক দফায় বিদ্যুৎ এলেও প্রতিবারই তা ১০ মিনিটেরও কম সময় স্থায়ী হয়েছে। দিনের বেলাতেও ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
শহরের বাসিন্দা মালেক বলেন, “শুক্রবার রাত ১১টার পর থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত প্রায় ১১ ঘণ্টার মধ্যে দুই ঘণ্টারও কম সময় বিদ্যুৎ ছিল। শনিবার রাতেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তীব্র গরম ও দীর্ঘ লোডশেডিংয়ে দুর্ভোগ চরমে পৌঁছেছে।”
আরেক বাসিন্দা সরিফুল বলেন, “সারারাত বিদ্যুৎ না থাকায় নির্ঘুম রাত কাটাতে হয়েছে। এমন পরিস্থিতিতে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়তে পারেন।”
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর আওতায় বিদ্যুতের চাহিদা প্রায় ৪৩ মেগাওয়াট। তবে বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ২৫ থেকে ২৬ মেগাওয়াট, ফলে ব্যাপক লোডশেডিং করতে হচ্ছে।
এ বিষয়ে নেসকোর চাঁপাইনবাবগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. মোহাইমেনুর রহমান বলেন, শহরে প্রতিদিন অন্তত ৩০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হলেও জাতীয় গ্রিড থেকে পাওয়া যাচ্ছে মাত্র ১৭ থেকে ১৮ মেগাওয়াট। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। জাতীয় গ্রিড থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি পেলে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ে বাসাবাড়ির পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্ষুদ্র শিল্পকারখানার কার্যক্রমও ব্যাহত হচ্ছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন জেলার সাধারণ মানুষ।