লিটন দাস ফেরায় বাংলাদেশ দলে স্বস্তি
ক্রীড়া প্রতিবেদক
প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ দল। এরই মধ্যে অনুশীলন শুরু করে একটি প্রস্তুতি ম্যাচও খেলছে নাজমুল হোসেন শান্তর দল। তবে দলের জন্য সবচেয়ে বড় স্বস্থির নাম লিটন কুমার দাসের ফেরা। গত ১৪ জুন মিরপুরে বাঁ পায়ের মাংসপেশিতে চোটে পড়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলাই হয়নি এই ব্যাটারের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলেও শুরুতে তাঁর নাম ছিল না। একাবারে শেষ মুহূর্তে তাঁকে যুক্ত করা হয়েছে দলের সঙ্গে। এবার জানা গেল লিটন দাসের কী অবস্থা। অস্ট্রেলিয়ায় পৌঁছে দলের সঙ্গে অনুশীলন করেছেন লিটন। বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার কোনো রকম অস্বস্থি ছাড়াই অনুশীলন করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। লিটনকে নিয়ে বিসিবি প্রধান নির্বাচক বলেন, ‘এরই মধ্যে সে পূর্ণ অনুশীলন করেছে। কোনোরকম অস্বস্থি সে বোধ করেনি। আমরা তাকে প্রথম টেস্টের দলে চাই’। ডারউইনে ১৩ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। তার আগে এই ভেন্যুতেই ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামেন ফিল সিমন্সের শিষ্যরা।
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশ দল আগেভাগেই ডারউইনে চলে গেছে। নাজমুল হোসেন শান্ত-তাইজুল ইসলাম-মুশফিকুর রহিমরা পুরো দমে অনুশীলন করছেন। বিসিবির ভিডিও বার্তায় দেখা গেছে রৌদ্রোজ্জ্বল আকাশের নিচে ক্রিকেটারদের অনুশীলন। ডারউইনের আবহাওয়া দেখে মুগ্ধ সুমন বলেন, ‘ভালো ভালো ভালো ভালো। ঠান্ডা না। অত গরমও নেই।’ আইসিসি ইভেন্টে নিয়মিত খেললেও অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজ খেলা হয় না বললেই চলে। ২০০৮ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের পর দীর্ঘ ১৮ বছর অস্ট্রেলিয়ায় গেল বাংলাদেশ। টেস্টের হিসেবে অপেক্ষাটা আরও বেশি। ২০০৩ সালে ডারউইন ও কেয়ার্নসে দুটি টেস্টেই বাংলাদেশ হেরেছিল ইনিংস ব্যবধানে। যার মধ্যে কেয়ার্নস টেস্ট শেষ হয়েছিল চার দিনে। ডারউইনে সেবার চার দিনেই হেরে গিয়েছিল খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন বাংলাদেশ। ২৩ বছর আগে খালেদ মাহমুদ সুজনের অধিনায়কত্বে খেলেছিলেন সুমন। সময়ের পরিক্রমায় ডারউইনে তিনি গেলেন প্রধান নির্বাচক হিসেবে।
উইকেটের কী অবস্থা এই প্রশ্নের উত্তরে সুমন বলেন, ‘মূল মাঠে আমরা যেতে পারিনি। অনুশীলন হচ্ছে মূল মাঠের সঙ্গেই আরেকটা মাঠে। এবার হয়তো একটু খোলার মাঝখানে মূল মাঠ দেখতে পারি আরকি। ৯ তারিখ অফ ডে। ১০ আর ১১ আমাদের মূল মাঠে অনুশীলন।’ আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ জুন লিটনের সবশেষ ম্যাচটা অস্ট্রেলিয়ার বিপক্ষেই। সেই ওয়ানডেতে ব্যাটিং করলেও উইকেটরক্ষকের গ্লাভস পরেন নুরুল হাসান সোহান। এবার লিটনের অপেক্ষা ফুরোয় কি না, সেটা সময়ই বলে দেবে। ম্যাকেতে ২২ আগস্ট দ্বিতীয় তথা শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। আট ম্যাচে সাত জয়ে ৮৭.৫০ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সবার ওপরে অস্ট্রেলিয়া। এই চক্রে চারে থাকা বাংলাদেশের সফলতার হার ৫৮.৩৩ শতাংশ। এদিকে প্রস্তুতি ম্যাচে মিরাজের সেঞ্চুরি, বাকিরা কেমন করলেন সেটা নিয়ে চলছে বিশ্লেষন। টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা মেটাতে না পারায় সম্প্রতি ওয়ানডে অধিনাকত্ব হারিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
পারফরম্যান্স করে দলে জায়গা টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ তাঁর সামনে। এমন চাপের মুখে জ্বলে উঠলেন মিরাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে ব্যাটার, সেটা অনুমিতই ছিল। মূল সিরিজে মাঠ নামার আগে প্রস্তুতি ম্যাচেই দেখা গেল বাংলাদেশের ব্যাটারদের কঙ্কালসার চেহারা। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশে থাকা আনকোড়া-অচেনা পেসারদের সামনেই মুখ থুবড়ে পড়েছে সফরকারীরা। তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান কিংবা সৌম্য সরকাররা ব্যাট হাতে নিজেদের হারিয়ে খুঁজেছেন। তাঁদের ব্যর্থতার দিনে ব্যতিক্রম ছিলেন কেবল মিরাজ। সাত নম্বরে নেমে অনেকটা একা হাতে দলের ইনিংস টেনে নিয়েছেন। তাঁর দারুণ সেঞ্চুরির পরও ২৬৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। অমিত, সৌম্য, তাইজুল, খালেদরা সঙ্গ দিলেও দলের রানের চাকা সচল রাখার কাজটা করে গেছেন মিরাজ। ১০২ বলে ১০ চার ও ৪ ছক্কায় তিন অঙ্কের ঘরে পৌঁছে যান তিনি। ১০৯ রানে অপরাজিত থাকেন সদ্য সাবেক ওয়ানডে অধিনায়ক। খালেদ আহমেদ ১৫ রান করে জারসিস ওয়াদিয়ার বলে আউট হলে ভাঙে ৬৯ রানের জুটি।