সংবাদ শিরোনাম

মেলায় সবার চোখ ‘বারোমাসি লিচুতে’

 প্রকাশ: ০৭ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন   |   খুলনা

মেলায় সবার চোখ ‘বারোমাসি লিচুতে’

খুলনা ব্যুরো :

সার্কিট হাউস মাঠে ঢুকতেই নানা রঙের ফুল আর সবুজের সমারোহ। মেলার একেকটি স্টলে একেক রকম গাছ। তবে কিছুটা এগোতেই একটি গাছকে ঘিরে কৌতূহলী মানুষের ভিড়। কেউ গাছটির ছবি তুলছেন, কেউ জানতে চাইছেন ফল কখন আসে, আবার কেউ দাম শুনে হিসাব কষছেন। গাছটির নাম ফোর সিজন লংগান। মেলায় আসা মানুষের কাছে এটি পরিচিত হয়ে উঠেছে ‘বারোমাসি লিচু’ নামে।

খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় গোলাপ কানন নার্সারির স্টলে এই গাছ রাখা হয়েছে। শেষ সময়ে এসে গাছটি দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে। নার্সারি–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ফলের স্বাদ লিচুর মতো এবং বছরে একাধিকবার ফল দেওয়ার সম্ভাবনাই এই গাছের প্রতি মানুষের আগ্রহের মূল কারণ।

ফোর সিজন লংগান মূলত লংগান ফলের একটি উন্নত জাত। দক্ষিণ-পূর্ব এশিয়ায়, বিশেষ করে থাইল্যান্ড ও ভিয়েতনামে এ জাতের চাষ বেশি হয়। সাধারণ লংগান সাধারণত বছরের একটি নির্দিষ্ট সময়ে ফল দেয়। তবে উপযুক্ত পরিচর্যা পেলে ফোর সিজন লংগান বছরে তিন থেকে চারবার পর্যন্ত ফল দিতে পারে।

গাছটির ফল দেখতে অনেকটা লিচুর মতো। ভেতরের বীজ শক্ত, শাঁস পুরু ও রসালো। স্বাদে লিচুর কাছাকাছি হলেও এটি বেশ মিষ্টি ও সুগন্ধি। বাড়ির আঙিনা ছাড়াও টব কিংবা ছাদে সহজেই চাষ করা যায়। চারা লাগানোর পর তুলনামূলক অল্প সময়ের মধ্যেই ফল ধরতে শুরু করে বলে শহরের ছাদবাগানিদের কাছেও এর চাহিদা তৈরি হচ্ছে।

মেলায় খোঁজ নিয়ে জানা যায়, ফোর সিজন লংগানের কলমের চারা ৩৫০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বড় আকারের ফলধারী প্রস্তুত চারা জিও ব্যাগসহ ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গাছের আকার, বয়স ও মানের ওপর নির্ভর করে দাম কমবেশি হচ্ছে।

গোলাপ কানন নার্সারির স্টলে আসা এক দর্শনার্থী বলেন, ‘আগে বারোমাসি লংগান সম্পর্কে শুনেছি, কিন্তু গাছটি সামনে থেকে দেখিনি। বছরে কয়েকবার ফল দেয় শুনে আগ্রহ হচ্ছে। বাসার ছাদে লাগানোর কথা ভাবছি।’

তবে শুধু ফোর সিজন লংগান নয়, মেলায় ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী নানা জাতের গাছের চারাও বিক্রি হচ্ছে। শেষ দিকে এসে মেলায় মানুষের ভিড়ও বেড়েছে।

মেলার নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনকারী মো. জাকির হোসেন বলেন, শেষ মুহূর্তে মেলা জমে উঠেছে। ক্রেতা ও বৃক্ষপ্রেমীদের উপস্থিতিও বেড়েছে।

জাকির হোসেন জানান, গত ৫ আগস্ট পর্যন্ত মেলা থেকে ৬১ হাজার ১০৭টি চারা বিক্রি হয়েছে। এসব চারার মূল্য ৮৭ লাখ ৭২ হাজার ১৯০ টাকা।

জেলা প্রশাসন ও পশ্চিম বন বিভাগের উদ্যোগে গত ১১ জুলাই খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়। মাসব্যাপী এ মেলা চলবে ১১ আগস্ট পর্যন্ত।

মেলা শেষ হওয়ার আর মাত্র কয়েক দিন বাকি। তাই শেষ সময়ে এসে গাছ কিনতে ভিড় করছেন অনেকে। আর সেই ভিড়ের মধ্যে অন্য গাছের চেয়ে একটু আলাদা করে নজর কেড়েছে ‘বারোমাসি লিচু’—ফোর সিজন লংগান।

Advertisement
Advertisement
Advertisement