শৃঙ্খলাভঙ্গের অভিযোগে খুলনায় যুবদলের দুই নেতা বহিষ্কার

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন   |   খুলনা

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে খুলনায় যুবদলের দুই নেতা বহিষ্কার

খুলনা ব্যুরো :

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খুলনা জেলা ও বটিয়াঘাটা উপজেলা যুবদলের দুই নেতাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। একই ঘটনায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের এক নেতাকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সুনির্দিষ্ট অভিযোগে খুলনা জেলা যুবদলের সদস্য এস এম নাসির উদ্দিন এবং বটিয়াঘাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লিটনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দল ও দলের শীর্ষ নেতৃত্ব সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুল ইসলাম শুভকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে বহিষ্কার ও অব্যাহতির সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এদিকে পৃথক এক ঘোষণায় মো. কায়েসকে ঠাকুরগাঁও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক এ সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকর করেছেন।

Advertisement
Advertisement
Advertisement