খুলনায় বস্তাবন্দী কিশোরীর লাশ ; পরিচয় মিলতেই তদন্তে নতুন মোড়
খুলনা ব্যুরো :
খুলনা মহানগরীর সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের একটি সাততলা ভবনের সামনে বুধবার (৮ জুলাই) রাত সোয়া ১০টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রথমে মরদেহটির পরিচয় জানা না গেলেও পরে পুলিশ নিশ্চিত হয়, নিহত কিশোরীর নাম নির্ঝরা (১৭)। তিনি নগরীর ৮৯ নম্বর বসুপাড়া এলাকার বাসিন্দা এবং মো. আলীম হোসেনের মেয়ে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নিহতের বাবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মরদেহটি নিজের মেয়ের বলে শনাক্ত করেন। তবে পরে পুলিশ তাদের বাড়িতে গিয়ে সেটি তালাবদ্ধ অবস্থায় পায়। এরপর থেকে নিহতের বাবা-মায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্ঝরাকে অন্য কোনো স্থানে হত্যা করে মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে প্রান্তিকা আবাসিক এলাকায় এনে ফেলে রাখা হয়েছে। হত্যার উদ্দেশ্য, এর সঙ্গে কারা জড়িত এবং কীভাবে মরদেহ সেখানে আনা হয়েছে—এসব বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।
এদিকে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও বৈজ্ঞানিক তদন্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। পাশাপাশি নিহতের বাবা-মায়ের রহস্যজনক অনুপস্থিতি এবং তাদের ভূমিকা নিয়েও অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।
পুলিশ বলছে, তদন্তের এ পর্যায়ে কাউকে দায়ী করার সুযোগ নেই। সব দিক খতিয়ে দেখে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।