সংবাদ শিরোনাম

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন   |   খুলনা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো :

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট খুলনায় নানা কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। এ উপলক্ষে ৭ জুলাই মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানানো হয়, দিবসের কর্মসূচির অংশ হিসেবে ৫ আগস্ট সকাল ৯টায় নগরীর শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পাশাপাশি মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন থাকবে।

এ ছাড়া নগরীর শিববাড়ি মোড়, শহীদ হাদিস পার্ক, ময়লাপোতা মোড়, জোড়াগেট, গল্লামারী, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুয়েটসংলগ্ন এলাকা, জিরোপয়েন্ট, রূপসা মোড় এবং নতুন রাস্তার মতো গুরুত্বপূর্ণ স্থানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হবে। হাসপাতাল, কারাগার, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশু ও প্রতিবন্ধী কল্যাণকেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রীতিভোজের আয়োজনও থাকবে। শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতারও আয়োজন করা হবে।

একই দিন সকাল ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাইয়ে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য, আহত ছাত্র-জনতা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) অমিত কুমার বর্মন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা (রুটিন দায়িত্ব) মো. মেহেদী হাসান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


Advertisement
Advertisement
Advertisement