সংবাদ শিরোনাম

অক্টোবর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন, এক বছরের মধ্যে শেষ হবে: তথ্য উপদেষ্টা

 প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন   |   জাতীয়

অক্টোবর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন, এক বছরের মধ্যে শেষ হবে: তথ্য উপদেষ্টা

রিপোর্টার:

সরকার আগামী অক্টোবর মাস থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়েছে। নির্বাচন কার্যক্রম শুরু হওয়ার পর আগামী বছরের অক্টোবরের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় রোডম্যাপ প্রণয়নের কাজ শুরু করেছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে নির্বাচন সম্পন্ন করা হবে।

ব্রিফিংয়ে তিনি সাম্প্রতিক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ভোক্তাদের অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, জুন মাসে অস্বাভাবিক বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, উৎপাদন থেকে সংরক্ষণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় দেশের খাদ্য ব্যবসায়ীদের তথ্যভিত্তিক একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করা হবে। পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপও নেওয়া হবে।

সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোথাও অবমাননাকর মন্তব্যের বিষয়ে তিনি বলেন, এ ধরনের বক্তব্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। তবে বর্তমান আইনি কাঠামো অনুযায়ী এমন মন্তব্য সরাসরি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হয় না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডকে অপরাধের আওতায় আনা উচিত কি না, সে বিষয়ে নীতিগত আলোচনা চলতে পারে।


Advertisement
Advertisement
Advertisement