সংবাদ শিরোনাম

ঢাকাসহ ১৭ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

 প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন   |   জাতীয়

ঢাকাসহ ১৭ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

রিপোর্টার:

রাজধানী ঢাকাসহ দেশের ১৭টি জেলার ওপর দিয়ে মঙ্গলবার দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টি এবং কয়েকটি অঞ্চলে ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

যেসব জেলার ওপর দিয়ে এ ধরনের বৈরী আবহাওয়া বয়ে যেতে পারে, সেগুলো হলো রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট।

এদিকে মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আরেকটি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ কারণে নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা এবং নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement