সংবাদ শিরোনাম

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যুবরাজের বিশেষ বার্তা হস্তান্তর

 প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন   |   জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যুবরাজের বিশেষ বার্তা হস্তান্তর

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৬ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে সৌদি আরবের ক্রাউন প্রিন্স (যুবরাজ) মোহাম্মদ বিন সালমান আল সৌদের পক্ষ থেকে পাঠানো একটি বিশেষ চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট মহলের অভিমত, এ উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং কূটনৈতিক, অর্থনৈতিক ও অন্যান্য পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

Advertisement
Advertisement
Advertisement