প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প, সব জেলায় তথ্য যাচাইয়ের নির্দেশ
স্টাফ রিপোর্টার:
দেশের সরকারি
প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়ন আরও জোরদার করতে নতুন একটি উন্নয়ন
প্রকল্প হাতে নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক ধাপ
হিসেবে নির্বাচিত বিদ্যালয়গুলোর তথ্য যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে
প্রত্যয়নপত্র পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা
কর্মকর্তাকে।
প্রাথমিক শিক্ষা
অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ সম্প্রতি এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি
করেছে। এতে জানানো হয়, ‘বিদ্যমান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১১টি সিটি
করপোরেশনের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক
প্রকল্পের আওতায় মোট ৫৩৯টি বিদ্যালয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর মধ্যে দেশের ৬৪
জেলার ৪৮৮টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১১টি সিটি করপোরেশন এলাকার ৫১টি
সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। অধিদপ্তর জানিয়েছে, জেলার বিদ্যালয়গুলোর তথ্য
ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (আইপিইএমআইএস) থেকে
সংগ্রহ করা হয়েছে।
অফিস আদেশে বলা
হয়েছে, প্রকল্পের কার্যক্রম চূড়ান্ত করার আগে বিদ্যালয়গুলোর তালিকা ও তথ্যের
নির্ভুলতা নিশ্চিত করা জরুরি। এ কারণে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা
কর্মকর্তাদের নিজ নিজ জেলার অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলোর তথ্য যাচাই-বাছাই করে
নির্ধারিত ছকে প্রত্যয়নপত্র প্রস্তুত করতে হবে।
প্রত্যয়নপত্রে
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর থাকতে হবে এবং তা ৫ জুলাই ২০২৬-এর মধ্যে
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া
হয়েছে। যাচাই কার্যক্রম সহজ করতে নির্দেশনার সঙ্গে নির্বাচিত বিদ্যালয়ের তালিকা ও
প্রত্যয়নপত্রের নমুনাও সংযুক্ত করা হয়েছে।
পরিকল্পনা ও
উন্নয়ন বিভাগের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল, এনডিসি স্বাক্ষরিত
এ নির্দেশনা দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টদের মতে,
প্রকল্পটি বাস্তবায়িত হলে নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ভবন,
শ্রেণিকক্ষ, স্যানিটেশন ব্যবস্থা, নিরাপদ পানির সুবিধা, বিদ্যুৎ সংযোগসহ
শিক্ষা-সহায়ক বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন ত্বরান্বিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের
জন্য আরও নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।