অপ্রয়োজনীয় সিজারিয়ান রোধে কঠোর বার্তা, সব বেসরকারি ক্লিনিকে শনিবারের মধ্যে লেবার রুম স্থাপনের নির্দেশ
রিপোর্টার :
অপ্রয়োজনীয়
সিজারিয়ান অপারেশনের হার কমাতে দেশের সব বেসরকারি ক্লিনিকে আগামী শনিবারের মধ্যে স্বাভাবিক
প্রসবের জন্য লেবার রুম (প্রসবকক্ষ) স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী
সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে
সংশ্লিষ্ট ক্লিনিকের লাইসেন্স বাতিলসহ প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
সোমবার
(৬ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) আয়োজিত
এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ নির্দেশনা দেন।
স্বাস্থ্যমন্ত্রী
বলেন, দেশে প্রয়োজনের তুলনায় সিজারিয়ান অপারেশনের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে।
এই পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি বেসরকারি ক্লিনিকে স্বাভাবিক প্রসবের উপযোগী পরিবেশ
নিশ্চিত করা জরুরি। সে লক্ষ্যেই বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ দেওয়া
হয়েছে এবং এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো ধরনের শৈথিল্য দেখাবে না।
তিনি
জানান, প্রসূতি সেবার মানোন্নয়নে সব বেসরকারি ক্লিনিকে দক্ষ মিডওয়াইফ নিয়োগ বাধ্যতামূলক
করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে গর্ভবতী নারীরা স্থানীয় পর্যায়েই প্রয়োজনীয় পরামর্শ
ও মানসম্মত সেবা পাবেন, যা স্বাভাবিক প্রসবের হার বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।
মন্ত্রী
আরও বলেন, মা ও নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশিক্ষিত মিডওয়াইফদের সম্পৃক্ততা
অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের কার্যকর অংশগ্রহণ বাড়ানো গেলে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের
প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে।
কর্মশালায়
অংশগ্রহণকারী বক্তারাও মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ এবং দেশে স্বাভাবিক
প্রসববান্ধব পরিবেশ গড়ে তুলতে মিডওয়াইফদের ভূমিকা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ
করেন।