সংবাদ শিরোনাম

সরকারি ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা বাড়াতে উচ্চপর্যায়ের কমিটি পুনর্গঠন, সভাপতিত্বে আইনমন্ত্রী

 প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন   |   জাতীয়

সরকারি ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা বাড়াতে উচ্চপর্যায়ের কমিটি পুনর্গঠন, সভাপতিত্বে আইনমন্ত্রী

ডেক্স নিউজ:

সরকারি ক্রয় কার্যক্রমকে আরও স্বচ্ছ, কার্যকর ও জবাবদিহিমূলক করতে উচ্চপর্যায়ের একটি বিশেষ কমিটি পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানকে।

এ বিষয়ে গতকাল রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুনর্গঠিত কমিটি ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ এবং ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র কার্যক্রম, নীতিমালা ও পরিচালন কাঠামো পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবে।

এ ছাড়া, পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ), ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫-এর আওতায় অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এখতিয়ারভুক্ত বিষয়গুলো মূল্যায়ন করবে এই কমিটি। সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও গতিশীল, স্বচ্ছ ও সময়োপযোগী করতে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন এবং সরকারের অর্পিত অন্যান্য দায়িত্বও কমিটি পালন করবে।

আইনমন্ত্রীর নেতৃত্বাধীন এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মন্ত্রিপরিষদ সচিব নসিমুল গনি, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দীন আহমেদ।

সরকারের সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নতুনভাবে পুনর্গঠিত এই কমিটির কার্যক্রমের মাধ্যমে সরকারি ক্রয় প্রক্রিয়ায় দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে। একই সঙ্গে সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ইতিবাচক গতি আসবে।

Advertisement
Advertisement
Advertisement