সংবাদ শিরোনাম

গ্রামীণ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, টেকসই অগ্রগতিতে চলছে বহুমুখী উদ্যোগ: স্থানীয় সরকারমন্ত্রী

 প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন   |   জাতীয়

গ্রামীণ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, টেকসই অগ্রগতিতে চলছে বহুমুখী উদ্যোগ: স্থানীয় সরকারমন্ত্রী

প্রধান প্রতিবেদক:

গ্রামীণ জনপদের সার্বিক ও টেকসই উন্নয়নকে বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের জীবনমান উন্নয়নে সরকার পরিকল্পিত ও ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

সোমবার (৬ জুলাই) সকালে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস ও সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে গ্রামীণ উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষি সহযোগিতা, আধুনিক সেচব্যবস্থার সম্প্রসারণ এবং কৃষি কার্ডের মতো বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা ও সহায়তামূলক কর্মসূচির মাধ্যমে দেশের সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সিরডাপের অবদানের কথা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে সংস্থাটি গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও সক্ষমতা উন্নয়নে সিরডাপের কার্যক্রম প্রশংসনীয়।

তিনি আশা প্রকাশ করেন, সরকার, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টায় দেশের গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে নতুন গতি সঞ্চার হবে।

Advertisement
Advertisement
Advertisement