দিঘলিয়ায় প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন
খুলনা ব্যুরো :
খুলনার দিঘলিয়া উপজেলায় বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিল করে আগের পোস্টপেইড (মাসিক বিল) পদ্ধতি পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা। ৬ জুলাই সোমবার উপজেলা চৌরাস্তা মোড়ে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়।
বক্তারা বলেন, নদীবেষ্টিত দিঘলিয়া উপজেলার অধিকাংশ মানুষ কৃষিনির্ভর ও নিম্ন আয়ের। তাদের ওপর উচ্চমূল্যের প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়ায় অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। সরকারের বিদ্যুৎ সেবার আধুনিকায়ন উদ্যোগকে স্বাগত জানালেও মাঠপর্যায়ে প্রিপেইড মিটার গ্রাহকদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রিপেইড মিটারে রিচার্জ করার সঙ্গে সঙ্গে ডিমান্ড চার্জ, মিটার ভাড়া, ভ্যাটসহ বিভিন্ন খাতে অর্থ কেটে নেওয়া হয়, যার হিসাব গ্রাহকদের কাছে স্পষ্ট নয়। এ ছাড়া হঠাৎ ব্যালেন্স শেষ হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া, জরুরি ব্যালেন্স সুবিধা অনেক সময় কার্যকর না থাকা এবং সার্ভার সমস্যার কারণে সময়মতো রিচার্জ করতে না পারার মতো সমস্যার কথাও তুলে ধরেন তারা।
তাদের দাবি, একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহারের পরও প্রিপেইড মিটারে তুলনামূলক বেশি খরচ হচ্ছে। এতে গ্রাহকদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। জনস্বার্থে প্রিপেইড মিটার ব্যবস্থা বাতিল করে আগের মতো স্বচ্ছ ও সহজ পোস্টপেইড বিলিং ব্যবস্থা পুনরায় চালুর দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।
স্মারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশগুপ্ত বলেন, বিষয়টি তিনি পেয়েছেন। প্রিপেইড মিটার নিয়ে জনভোগান্তির অভিযোগ থাকলে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা ওজোপাডিকোর সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। উপজেলা বাসীর স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি।