খুলনায় পারিবারিক কলহের জেরে যুবকের মৃত্যু
খুলনা ব্যুরো :
খুলনা নগরীতে পারিবারিক কলহের জেরে সাকিব শেখ (২০) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (৪ জুলাই) বিকেলে খুলনা সদর থানার ২২ নম্বর ওয়ার্ডের নতুন বাজার চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাকিব শেখ ওই এলাকার কামাল শেখের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে পারিবারিক একটি বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে পরিবারের অন্য সদস্যদের অগোচরে তিনি নিজ ঘরে চলে যান।
কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর মরদেহ বাড়ির পাশে নদীতীরবর্তী একটি খোলা স্থানে রাখা হয়েছে এবং দাফনের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। আইনগত প্রক্রিয়া শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।