খুলনার দৌলতপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ; পলাতক ২
খুলনা ব্যুরো :
খুলনার দৌলতপুরে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাদ্দাম সরদার (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আরও তিনটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব মামলায় তিনি জামিনে ছিলেন।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দৌলতপুর থানার পাবলা সবুজ সংঘ মাঠের পশ্চিম পাশে একটি মসজিদের পেছনের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাদ্দাম সরদার পাবলা সবুজ সংঘ মাঠের পূর্ব পাশে মুসা মিয়ার বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনায় মো. সজিব (২৯) ও মো. রাকিবুল শিকদার (২৪) নামের আরও দুজনকে পলাতক আসামি করা হয়েছে।
দৌলতপুর থানা-পুলিশের করা এজাহার সূত্রে জানা যায়, রোববার রাত সোয়া ৯টার দিকে মনা মার্কেটের সামনে দায়িত্ব পালনকালে পুলিশ গোপন সূত্রে খবর পায়, পাবলা সবুজ সংঘ মাঠের পশ্চিম পাশে মসজিদের পেছনে কয়েকজন ব্যক্তি ইয়াবা কেনাবেচার জন্য অবস্থান করছেন। পরে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় দুজন পালানোর চেষ্টা করলেও সাদ্দামকে আটক করা হয়।
পুলিশের ভাষ্য, পরে সাদ্দামের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে রাখা ৭ পিস সবুজ রঙের ও ১৮ পিস হালকা কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার মোট ওজন ২ দশমিক ৫ গ্রাম। পুলিশ এর আনুমানিক মূল্য ৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সাদ্দাম ইয়াবাগুলো খুচরা বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রাখার কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সজিব ও রাকিবুলের নাম আসে। এজাহারে বলা হয়েছে, রাকিবুলের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে সাদ্দাম ও সজিব তা খুচরা বিক্রি করতেন।
দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, সাদ্দামের বিরুদ্ধে আরও তিনটি মাদক মামলা রয়েছে। এসব মামলায় তিনি জামিনে ছিলেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলামের দিকনির্দেশনায় অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় দৌলতপুর থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।
চিহ্নিত ইয়বা ব্যবসায়ী সাদ্দাম সরদার